আমুদরিয়া নিউজ: মহাকাশে একটি গোপন সামরিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনী সচিব ট্রয় মেঙ্ক জানিয়েছেন, শত্রুভাবাপন্ন দেশের আক্রমণ থেকে মার্কিন বাহিনীকে রক্ষা করতেই এই “অন-অরবিট” অস্ত্র স্থাপন করা হয়েছে। তবে অস্ত্রটির ক্ষমতা বা উৎক্ষেপণের সুনির্দিষ্ট সময় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ওয়াশিংটন।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি কোনো স্যাটেলাইট ধ্বংসকারী কিলার স্যাটেলাইট, জ্যামিং ডিভাইস বা লেজার অস্ত্র হতে পারে। ১৯৬০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন প্রথম স্পেস-উইপন বা স্যাটেলাইট ডেসট্রয়ার ব্যবহার শুরু করে। বর্তমানে মহাকাশে গোয়েন্দাগিরি ও নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার জন্য কৃত্রিম উপগ্রহের ব্যবহার ব্যাপক বেড়েছে। মার্কিন এই পদক্ষেপ মহাকাশে এক নতুন ও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।