আমুদরিয়া নিউজ: ২ হাজারের বেশি UPI পেমেন্ট করলেই কি এবার গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টাকা? এই প্রশ্নেই এখন জোর আলোচনা। তবে আপাতত স্বস্তির খবর, বড় অঙ্কের UPI লেনদেনের উপর সরাসরি কোনও চার্জ চালুর সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। ১৪ সেপ্টেম্বরের অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি নিয়ে এমনটাই স্পষ্ট হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত UPI লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক বা পেমেন্ট সংস্থাগুলি সরাসরি কিংবা পরোক্ষভাবে কোনও চার্জ নিতে পারবে না। তবে বড় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ভবিষ্যতে Merchant Discount Rate বা MDR চালু করা যায় কি না, তা নিয়ে আলোচনা রয়েছে।
কিন্তু MDR-এর হার এখনও নির্ধারিত হয়নি। ফলে ৫ হাজার বা ২০ হাজার টাকার মতো বড় অঙ্কের UPI পেমেন্ট করলেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হবে—এমন দাবি আপাতত সঠিক নয়।