আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসে ভারতের রোয়িং দল নিয়ে শেষ মুহূর্তে একাধিক পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আবহাওয়াজনিত কারণে রোয়িংয়ের সূচি পিছিয়ে গিয়ে প্রতিযোগিতা চার দিনের পরিবর্তে কম সময়ে আয়োজনের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই কয়েকটি ইভেন্টে ভারতীয় রোয়িং দলের সদস্যদের কম্বিনেশন বদলানো হয়েছে বলে জানিয়েছে রোয়িং ফেডারেশন।
পরিবর্তনের মধ্যে রয়েছে পুরুষদের ডাবল স্কালস, কোয়াড্রুপল স্কালস, সিঙ্গল স্কালস, পেয়ার এবং কক্সলেস ফোর। কয়েকজন রোয়ারকে তাঁদের আগের ইভেন্ট থেকে অন্য ইভেন্টে সরানো হয়েছে। এই সিদ্ধান্তে কিছু অ্যাথলিট অসন্তোষ প্রকাশ করেন এবং অনুশীলন নিয়েও অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল।
রোয়িং ফেডারেশনের প্রেসিডেন্ট বালাজি মারাদাপা এবং প্রধান কোচ অ্যান্টনি প্যাটারসনের বক্তব্য, প্রতিযোগিতার সময় কমে যাওয়ায় একই অ্যাথলিটকে অল্প সময়ে একাধিক ২০০০ মিটার রেসে নামানো কঠিন হয়ে পড়বে। তাই পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন পরিবর্তন করা হয়েছে। রোয়িং প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ২৩ সেপ্টেম্বর। তার আগে দলীয় কম্বিনেশন নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি মেটানোর চেষ্টা চলছে।