আমুদরিয়া নিউজ: কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই-এর বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা দায়ের করেছে। অভিযোগ, গত ফেব্রুয়ারিতে ‘টাম্বলার রিজ’ হাইস্কুলে জেস ফন রুটসেলার নামক ১৮ বছর বয়সী এক কিশোরের বন্দুক হামলায় আটজন নিহত হওয়ার আগে তার চ্যাটজিপিটি অ্যাকাউন্টে হিংসাত্মক বার্তার ইঙ্গিত পেয়েও প্রশাসনকে সতর্ক করেনি সংস্থাটি।
নিহতদের মধ্যে ছয়জনই শিশু ছিল। তদন্তে জানা গেছে, হামলার কয়েক মাস আগেই ওপেনএআই-এর সেফটি টিম ওই তরুণের অ্যাকাউন্টে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিপজ্জনক কার্যকলাপ শনাক্ত করেছিল। এর আগে, পুলিশকে এই বিষয়ে সময়মতো না জানানোর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান। তবে প্রযুক্তি সংস্থাগুলির সামাজিক দায়িত্ব ও নিরাপত্তার প্রশ্ন তুলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নিল কানাডিয়ান প্রশাসন।