প্রশান্ত মহাসাগরে জোড়া উষ্ণ বলয়: আমেরিকার আবহাওয়ায় ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা

আমুদরিয়া নিউজ: প্রশান্ত মহাসাগরে একসঙ্গে তৈরি হওয়া দুটি বিশাল উষ্ণ আবহাওয়া বলয় আমেরিকার সামগ্রিক আবহাওয়া পরিস্থিতিকে ওলটপালট করে দিচ্ছে। বিজ্ঞানীদের মতে, মহাসাগরের উত্তর-পূর্বাঞ্চলে চলমান একটি শক্তিশালী সামুদ্রিক তাপপ্রবাহ এবং দক্ষিণাঞ্চলে ধেয়ে আসা একটি ‘সুপার এল নিনো’র বিরল যৌথ প্রভাবে চলতি শরৎ ও শীতকালীন মৌসুমে যুক্তরাষ্ট্রের আবহাওয়া এবং সামুদ্রিক জীববৈচিত্র্যে চরম বিপর্যয় নেমে আসতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের গবেষকদের মতে, উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরের এই তাপপ্রবাহটি আকারে বিশাল এবং এর ফলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যোগ হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ‘এল নিনো’ প্রভাব, যা চলতি শরতেই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ‘সুপার এল নিনো’তে রূপ নিতে যাচ্ছে।এই জোড়া উষ্ণতার কারণে মূলত ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞানীদের আশঙ্কা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যা ও ভাঙনের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেবে। এর ফলে যেমন উপকূলবর্তী জনজীবন বিপর্যস্ত হবে, তেমনই সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে চরম ঝুঁকিতে পড়বে সামুদ্রিক বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *