পদ্মায় বাস পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২৪, নিখোঁজ ১৬

আমুদরিয়া নিউজ : ঈদের রেশ কাটতে না কাটতেই ভয়ঙ্কর দুর্ঘটনা বাংলাদেশে। বুধবার বিকেলে রাজবাড়ি জেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে গেল যাত্রী বোঝাই বাস। এখনো পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল পাঁচটার কিছু পর একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য অপেক্ষা করছিল বাসটি। সোয়া পাঁচটার দিকে ওই ঘাটে ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কা সামলাতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

ধারণা করা হচ্ছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে শিশুও ছিল। বেশিরভাগই ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছিলেন। এখন পর্যন্ত ২৪ টি দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো জারি রয়েছে। প্রধানমন্ত্রী তারিক রহমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। তিনি এই দুর্ঘটনার প্রকৃত কারণ কি তা জানার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে বাংলাদেশের নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান জানিয়েছেন, নিহতদের শনাক্ত করার কাজ চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কবর দেওয়ার জন্য পরিবার প্রতি প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *