আমুদরিয়া নিউজ: আগামী ব্রিকস শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে কার্যত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দেশের রাজধানী দিল্লিকে। বিশ্বের একাধিক প্রভাবশালী রাষ্ট্রনেতার সফরকে সামনে রেখে ভারতের বিমানবন্দর থেকে শুরু করে হোটেল এবং সম্মেলনস্থলে সর্বত্র জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সংবাদ সূত্রে জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১১ সেপ্টেম্বর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ১২ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছনোর কথা রয়েছে। দুই রাষ্ট্রনেতার সফরকে কেন্দ্র করে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনীর মিলিয়ে প্রায় ৩০ হাজার নিরাপত্তাকর্মী নিযুক্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিথিদের থাকার হোটেলগুলিতেও নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে প্রায় ১১টি হোটেল ও ৩৫টি গুরুত্বপূর্ণ যাত্রাপথে নজরদারি চলছে। একই সঙ্গে প্রায় ৪,৮০০ ট্রাফিক পুলিশ নিযুক্ত করা হয়েছে এবং ৩৫টির বেশি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানা গেছে।