আমুদরিয়া নিউজ: ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বড় পরিকল্পনার কথা জানাল প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ২০২৬ সালে নৌবাহিনীতে ১৮টি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত বা কমিশন করার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এক বছরে এত সংখ্যক যুদ্ধজাহাজ যুক্ত করার ঘটনা নৌবাহিনীর ইতিহাসে বৃহত্তম বার্ষিক সম্প্রসারণ হতে চলেছে।
২৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডার্স কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং দেশের নিজস্ব যুদ্ধজাহাজ নির্মাণ ব্যবস্থার অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি কমিশন হওয়া যুদ্ধজাহাজগুলিতে ৭৫ শতাংশের বেশি দেশীয় উপাদান রয়েছে।
নৌবাহিনীর আধুনিকীকরণের পাশাপাশি সমুদ্রপথে নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর মতে, সমুদ্রপথে যান চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হওয়ায় নজরদারি ব্যবস্থায় উন্নত প্রযুক্তি ও বিশ্লেষণাত্মক সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
রাজনাথ সিং আরও জানান, ভারতীয় যুদ্ধজাহাজ বর্তমানে দক্ষিণ চিন সাগর, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরেও মোতায়েন রয়েছে। একই সঙ্গে দেশের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছে।