আমুদরিয়া নিউজ: বাংলার মাটির গায়ে খোদাই করা ইতিহাস এবার উঠে আসছে জাতীয় মঞ্চে। বাংলার প্রাচীন টেরাকোটা মন্দিরের স্থাপত্য, শিল্পরীতি ও লোকজ ঐতিহ্য নিয়ে দিল্লিতে আয়োজিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই মন্দিরগুলির গায়ে ফুটে ওঠা পৌরাণিক কাহিনি, তৎকালীন সমাজজীবন এবং লোকসংস্কৃতির নানা চিত্রই হয়ে উঠছে আলোচনার মূল বিষয়।
এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (IGNCA) এবং আগা খান ট্রাস্ট ফর কালচার। অনুষ্ঠানে বাংলার টেরাকোটা মন্দির নিয়ে আলোকচিত্রী সঞ্জয় দাসের দীর্ঘদিনের কাজও তুলে ধরা হবে। প্রায় ১৪ বছর ধরে বাংলার বিভিন্ন জেলার মন্দির, কারুশিল্প ও লোকজ সংস্কৃতি নথিবদ্ধ করেছেন তিনি। এই কাজের ভিত্তিতেই প্রকাশিত হচ্ছে ‘Terracotta Temples of Bengal’ বইটি। বাংলার মন্দিরের গায়ে থাকা পোড়ামাটির ফলকগুলিকে শুধু স্থাপত্যের অংশ হিসেবে নয়, বরং অতীত বাংলার সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দলিল হিসেবেও তুলে ধরা হচ্ছে।
ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলার টেরাকোটা শিল্পের গুরুত্ব জাতীয় স্তরে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।