আমুদরিয়া নিউজ: ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কায় রাজ্যজুড়ে আরও জোরদার করা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। পরিস্থিতি পর্যালোচনায় নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তর, পুরসভা-সহ ১৬টি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিষয়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে নিয়মিত তথ্য জানাতে হবে স্থানীয় প্রশাসনকে। পাশাপাশি জ্বরের রোগীদের চিহ্নিতকরণ, প্রয়োজনীয় পরীক্ষা, মশার লার্ভা ধ্বংস এবং এলাকা পরিষ্কার রাখার উপর জোর দেওয়া হচ্ছে। হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষার কিট এবং প্লেটলেটের পর্যাপ্ত মজুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও বাড়ি ও আশপাশে জল জমতে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।