আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের ভোটার তালিকার SIR নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য অনুযায়ী, SIR-এর পর ভোটার তালিকা থেকে বাদ পড়া ২৭.১৬ লক্ষ ভোটারের মধ্যে ২২.২১ লক্ষেরও বেশি তাঁদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আপিল করেছেন। অর্থাৎ বাদ পড়া ভোটারদের প্রায় ৮২ শতাংশ আপিল করেছেন।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, SIR সংক্রান্ত মোট ৩৮.৩১ লক্ষ আপিল জমা পড়েছে। এর মধ্যে ২২.২১ লক্ষ আবেদন করা হয়েছে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্তির জন্য। অন্যদিকে, প্রায় ১৬.১০ লক্ষ আপিল করা হয়েছে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাম বাদ দেওয়ার দাবিতে।
এই পরিস্থিতিতে আপিল দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্যে অ্যাপিলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের প্রস্তাব, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হলে বকেয়া আপিল দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হতে পারে।
এর আগে SIR প্রক্রিয়ায় প্রায় ৬০.০৬ লক্ষ ভোটারের নাম যাচাইয়ের আওতায় এসেছিল। তাঁদের মধ্যে বিচারবিভাগীয় আধিকারিকদের যাচাইয়ের পর ২৭.১৬ লক্ষ নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ১৯টি অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল।
তবে আপিলের নিষ্পত্তির গতি নিয়েও প্রশ্ন উঠেছে। ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের দেওয়া আরেক তথ্য অনুযায়ী, মোট ৩৮.২০ লক্ষ আপিলের মধ্যে তখন পর্যন্ত প্রায় ১.০২ লক্ষ নিষ্পত্তি হয়েছিল এবং ৩৭.১৮ লক্ষ আপিল বাকি ছিল। বাদ পড়া ভোটারদের আপিল কত দ্রুত নিষ্পত্তি হয় এবং কতজনের নাম পুনরায় তালিকায় যুক্ত হয়,-তার দিকেই এখন নজর।