আমুদরিয়া নিউজ: দীর্ঘ কয়েক দশক ধরে চলা এক সন্তান নীতি (One-child policy) এবং পুত্রসন্তানের প্রতি তীব্র আগ্রহের কারণে চীনে বর্তমানে এক চরম জনসংখ্যাগত সংকট তৈরি হয়েছে, যার ফলে সে দেশে নারীর তুলনায় পুরুষের সংখ্যা প্রায় ৩ কোটি বেশি। এই তীব্র লিঙ্গ বৈষম্যের সুযোগ নিয়ে চীনে গড়ে উঠেছে ‘ফ্ল্যাশ ম্যারেজ’ বা চটজলদি বিয়ের এক বড় প্রতারণা চক্র।৩৭ বছর বয়সী ওয়াং জুয়াং-এর মতো ছোট শহর বা প্রত্যন্ত গ্রামের পুরুষেরা, যারা দীর্ঘকাল পাত্রী খুঁজে পাচ্ছেন না, তারা মূলত এই চক্রের সহজ শিকারে পরিণত হচ্ছেন।
ম্যাচমেকিং এজেন্সিগুলো দরিদ্র পরিবারের শান্ত, সংসারী মেয়ের প্রলোভন দেখিয়ে মাত্র কয়েকবার দেখাসাক্ষাৎ করিয়েই বিয়ে দিয়ে দেয় এবং এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা বা ‘কনে মূল্য’ (Bride price) হাতিয়ে নেয়। কিন্তু বিয়ের পরপরই প্রকাশ পায় যে ওই কনেদের আগের একাধিক বিয়ে, সন্তান, বিপুল ঋণ বা গুরুতর অসুস্থতার মতো বিষয়গুলো সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল।প্রতারণার এই হার এতটাই বেড়েছে যে তা এখন সরকারের নজরে এসেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে এই ম্যাচমেকিং শিল্পের সাথে জড়িত প্রায় ১,৫৪৬ জন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পাঁচটি সরকারি কর্তৃপক্ষ যৌথভাবে এই অবৈধ প্রতারণা চক্রের বিরুদ্ধে দেশব্যাপী কঠোর অভিযান শুরু করেছে।