আমুদরিয়া নিউজ: বইপ্রেমীদের জন্য আজ থেকে শুরু হল সিঙ্গাপুরের প্রথম Singapore Indie Bookshop Day। ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তিন দিনের এই আয়োজনে শহরের ২০টি স্বাধীন বইয়ের দোকান একসঙ্গে অংশ নিচ্ছে। মূল আয়োজন ৩ অক্টোবর হলেও, ২ ও ৪ অক্টোবরও বিভিন্ন বইয়ের দোকানে নানা কর্মসূচি থাকছে।
এই উপলক্ষে বিভিন্ন বইয়ের দোকানে লেখক-আলাপ, গল্পপাঠ, লাইভ স্কেচিং, বই বিনিময়, কবিতা কর্মশালা-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাঠকদের জন্য রয়েছে বিশেষ Bookshop Passport। অংশগ্রহণকারী দোকানগুলিতে স্ট্যাম্প সংগ্রহ করে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগও থাকছে।
আয়োজকদের লক্ষ্য শুধু বই বিক্রি নয়, স্বাধীন বইয়ের দোকানগুলিকে ঘিরে পাঠক, লেখক ও স্থানীয় সাহিত্যসমাজের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করা। সিঙ্গাপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বইয়ের দোকানগুলিকে কেন্দ্র করে এই উদ্যোগে পাঠকরা বই কেনার পাশাপাশি নানা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।