আমুদরিয়া নিউজ: গর্ভবতী নারীর জীবন মানেই কি কেবল ঘরের কোণে বিশ্রাম, নাকি তাঁরও আছে নিজের মতো বাঁচার স্বাধীনতা? সমাজে প্রচলিত এই চেনা ধারণাকে চ্যালেঞ্জ জানাতে আগামী ১৯ অক্টোবর লন্ডনের লেস্টার স্কোয়ারে প্রিমিয়ার হতে চলেছে নতুন রোমান্টিক কমেডি ড্রামা ‘ডিউ ডেটিং’। এই ছবির বিশেষত্ব হলো, অভিনেত্রী জেড আশা (৩৬) নিজের গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে থাকাকালীন এই ছবির চিত্রনাট্য লিখেছেন এবং নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
জেড আশা জানান, সোশ্যাল মিডিয়ায় গর্ভবতী নারীদের ডেটিং করা নিয়ে মানুষের কটূক্তি দেখেই তিনি এই ছবি তৈরির অনুপ্রেরণা পান। পর্দায় কোনো কৃত্রিম সৌন্দর্য নয়, বরং স্ট্রেচ মার্ক ও শিরা ভেসে ওঠা বাস্তবসম্মত মাতৃত্বের রূপ ফুটিয়ে তুলেছেন তিনি। সিনেমাটিতে দেখানো হয়েছে কীভাবে একজন গর্ভবতী নারী সমাজের বিচার বা ‘জাজমেন্ট’-এর ঊর্ধ্বে উঠে নিজের স্বাধীনতা বজায় রাখতে পারেন।