আমুদরিয়া নিউজ: আজ ১০০ বছরে পা দিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC। ১৯২৬ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের শতবর্ষ উদ্যাপনের সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে নয়াদিল্লির ভারত মণ্ডপমে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এবং UPSC-এর শতবর্ষ উপলক্ষে একটি স্মারক মুদ্রা, স্মারক ডাকটিকিট এবং ‘100 Landmark Judgements—Shaping the Policies of UPSC and Public Service Commissions in India’ শীর্ষক একটি বই প্রকাশ করবেন।
৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দু’দিনের এই অনুষ্ঠানের প্রথম দিনে ‘শতাব্দী সমারোহ—মন্থন’ শীর্ষক আলোচনা হয়েছে। সেখানে ভবিষ্যৎমুখী সিভিল সার্ভিস, প্রশাসনে প্রযুক্তির ব্যবহার, নিয়োগ প্রক্রিয়ার সংস্কার এবং সাংবিধানিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়।
১৯২৬ সালে প্রথম Public Service Commission প্রতিষ্ঠার পর বিভিন্ন পর্যায় পেরিয়ে স্বাধীনতার পর UPSC সাংবিধানিক মর্যাদা পায়। বর্তমানে সংবিধানের ৩১৫ থেকে ৩২৩ নম্বর অনুচ্ছেদে পাবলিক সার্ভিস কমিশনগুলির সাংবিধানিক কাঠামো নির্ধারিত রয়েছে।