আমুদরিয়া নিউজ: ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। বুধবার, ৩০ সেপ্টেম্বর ফোনে কথা বলেন দুই নেতা। আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ প্রযুক্তি-সহ পারস্পরিক স্বার্থের একাধিক বিষয় উঠে আসে।
দুই নেতা ভারত-মার্কিন Comprehensive Global Strategic Partnership আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগ ঘনিষ্ঠ রাখার বিষয়ে সম্মত হন তাঁরা।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হয়েছে। বিশেষ করে বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। ফোনালাপের পর প্রধানমন্ত্রী মোদি কথোপকথনটিকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন।
এই ফোনালাপের সময় ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও চলছিল। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আমেরিকা সফরে রয়েছেন এবং সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত আলোচনায় অংশ নিচ্ছেন।