আমুদরিয়া নিউজ: ওড়িশা উপকূলের কাছে মহনদী অফশোর বেসিনে গভীর সমুদ্রের একটি কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল রাষ্ট্রায়ত্ত সংস্থা ONGC। কোনার্ক উপকূল থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে MN-DW18-1-H-D কূপে এই গ্যাসের সন্ধান মিলেছে। ONGC-র ‘সমুদ্র মন্থন’ গভীর জল অনুসন্ধান কর্মসূচির আওতায় এটি মহনদী বেসিনে সংস্থার প্রথম কূপ।
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রায় ১,৪৪১ থেকে ১,৪৫২ মিটার গভীরতায় গ্যাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। কূপটি মোট ১,৬২৩ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর কূপে গ্যাসের প্রবাহ পরীক্ষা করা হয় এবং পরবর্তী কয়েকদিনে উৎসাহজনক গ্যাস প্রবাহ ও স্থিতিশীল রিজার্ভার চাপ লক্ষ্য করা হয়েছে।
তবে এই আবিষ্কারকে এখনও বাণিজ্যিক গ্যাসভাণ্ডার হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়নি। গ্যাসের মজুত কতটা এবং বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা জানতে আরও পরীক্ষা ও মূল্যায়ন করা হবে। ONGC জানিয়েছে, আশপাশের অন্যান্য আবিষ্কারের সঙ্গে যৌথ পরিকাঠামো ব্যবহার করে ভবিষ্যতে এই গ্যাসক্ষেত্রগুলি উন্নয়নের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।