আমুদরিয়া নিউজ: নরওয়ের সোয়ালবার্ড দ্বীপপুঞ্জের সুদূর উত্তরে প্যাক আইসের ওপর একটি মৃত স্পার্ম তিমের দেহাবশেষ থেকে স্ত্রী মেরু ভালুকের আহারের এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রী রোই গ্যালিৎজ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী আর্কটিক অঞ্চলের বরফ স্বাভাবিকের চেয়ে প্রায় তিন গুণ দ্রুত গলছে, যার ফলে সিল শিকারের প্ল্যাটফর্ম হারিয়ে ভালুকেরা মারাত্মক খাদ্য সংকটে পড়ছে।এই চরম সংকটের মুখে সোয়ালবার্ডের মেরু ভালুকেরা বেঁচে থাকার জন্য ক্রমান্বয়ে সুযোগসন্ধানী মৃতজীবী খাবারে অভ্যস্ত হয়ে উঠছে এবং বল্গা হরিণ বা সিন্ধুঘোটকের মতো স্থলজ প্রাণীদের ওপর নির্ভরশীল হচ্ছে।
গভীর সমুদ্রের বাসিন্দা একটি মৃত পুরুষ স্পার্ম তিমি বাতাস ও স্রোতের টানে ভেসে উত্তর দিকে আসার পর এই বিরল ঘটনার সৃষ্টি হয়। প্রায় ৪০ টন ওজনের বিশালাকার তিমির দেহের পাশে মাত্র ৩৫০ কেজি ওজনের মেরু ভালুকটিকে অত্যন্ত ক্ষুদ্র দেখাচ্ছিল, যা ড্রোন ক্যামেরার সাহায্যে ধারণ করা হয়েছে।