আমুদরিয়া নিউজ: ইরাকের নাজাফ শহরে মাদক সেবনের অভিযোগে আটক ২২ বছর বয়সী মহসিন আলী কানি নামের এক যুবক পুলিশ হেফাজতে মারা গেছেন। গত জুনের শেষে গুরুতর পেটের ব্যথার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইরাকি পুলিশ তাকে জোরপূর্বক থানায় নিয়ে আসে এবং এর ঠিক একদিন পরই তার মৃত্যু হয়। দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দাবি করেছে, কানি ক্রিস্টাল মেথামফেটামিন ভর্তি চারটি ব্যাগ গিলে ফেলেছিলেন এবং পরবর্তীতে হাসপাতালে স্থানান্তরের সময় তার মৃত্যু হয়।
মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (HRW) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার পক্ষ থেকে এই মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের পাশাপাশি অসুস্থ থাকা সত্ত্বেও তাকে চিকিৎসাকেন্দ্র থেকে সরিয়ে নেওয়ার পুলিশের এই অমানবিক সিদ্ধান্তের একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জোর দাবি জানানো হয়েছে।