আমুদরিয়া নিউজ: মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুরে জঙ্গলের মধ্যে উদ্ধার হলো এক সদ্যজাত শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিনও লক্ষ্মীপাড়া এলাকায় গরু আনতে গিয়েছিলেন শঙ্করী দাস। আচমকাই জঙ্গল থেকে শিশুর কান্না শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখেন, তোয়ালে মোড়া অবস্থায় পড়ে রয়েছে সদ্যজাতটি। শরীরজুড়ে রয়েছে রক্ত এবং লাল পিঁপড়া।
তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান শঙ্করী দেবী। প্রাথমিকভাবে সেবা-শুশ্রূষা করার পর তাকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
শঙ্করী দাস জানিয়েছেন, আর কিছুটা দেরি হলে শিশুটির কী হতো, তা ভাবতেই শিউরে উঠছেন তিনি। শিশুটি সুস্থ হয়ে উঠলে তার দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এই গৃহবধূ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সদ্যজাত শিশুকে কে বা কারা জঙ্গলে ফেলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আর এই ঘটনার মধ্যেই একদিকে যেমন সামনে এসেছে চরম নিষ্ঠুরতার ছবি, তেমনই অন্যদিকে দেখা মিলেছে এক মায়ের মমতার।