আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোর আগে শিলিগুড়ির দার্জিলিং মোড়ের যানজট কমাতে তৎপর প্রশাসন। মাল্লাগুড়ি ও দার্জিলিং মোড়ের মধ্যে সংযোগকারী নতুন রাস্তা অস্থায়ীভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাস্তা চালুর পর রবিবার রাতে গোটা এলাকা পরিদর্শন করেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। রাস্তার নিরাপত্তা, আলো, পিছল অংশ এবং সম্ভাব্য দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলি খতিয়ে দেখা হয়।
পরিদর্শনে ছিলেন ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সুবীর দত্ত-সহ অন্যান্য আধিকারিকরা। রাতের অন্ধকারে যাতে সমস্যা না হয়, সেজন্য দ্রুত পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাইনবোর্ড, দিকনির্দেশিকা এবং ট্রাফিক সিগন্যাল বসানো নিয়েও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের পরিকল্পনা অনুযায়ী, পুজোর সময়ে পর্যটক ও সাধারণ মানুষের বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। লক্ষ্য একটাই—দার্জিলিং মোড়ের যানজট কমিয়ে যাতায়াত আরও স্বাভাবিক রাখা।