আমুদরিয়া নিউজ : ভারতের চা পর্ষদ ১ মে থেকে আমদানি করা চায়ের জন্য বাধ্যতামূলক গুণমান পরীক্ষা চালু করায় নেপাল থেকে আসা ৩ লক্ষ কেজিরও বেশি অর্থোডক্স চা আটকে গেছে। পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই চা বিক্রি করা যাচ্ছে না, আর পরীক্ষায় ব্যর্থ হলে তা ফেরত পাঠাতে বা নষ্ট করতে হবে।
চা পর্ষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নেপালের ৪৩টি চায়ের নমুনার মধ্যে ২২টিই মান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। দীর্ঘদিন ধরে নেপালের নিম্নমানের চা দার্জিলিং চায়ের নামে বাজারে বিক্রির অভিযোগ উঠছিল। নতুন নিয়মের ফলে সেই প্রবণতায় রাশ টানা সম্ভব হবে বলে মনে করছে ভারতীয় চা শিল্প।
অন্যদিকে, নেপালের গুদামে আগে থেকেই ৭ লক্ষ কেজির বেশি অবিক্রীত চা মজুত ছিল। তার সঙ্গে নতুন করে বিপুল পরিমাণ চা আটকে যাওয়ায় আর্থিক সংকট তৈরি হয়েছে। ফলে ১৫ জুন থেকে নেপালের ৫৩টি চা কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
ভারতীয় চা উৎপাদকদের মতে, এই পদক্ষেপে দেশীয় চায়ের বাজার ও দাম স্থিতিশীল থাকবে এবং দার্জিলিং চায়ের সুনামও রক্ষা পাবে। তবে নেপালের চা শিল্পের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।