আমুদরিয়া নিউজ : হুগলির মগরার বাসিন্দা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও নেটপ্রভাবী সায়নী চক্রবর্তী-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর অনুগামীদের মধ্যে। সদ্য আইন বিষয়ে স্নাতক পাশ করা সায়নী সমাজমাধ্যমে তাঁর মা ও পোষ্যদের নিয়ে তৈরি ভিডিওর জন্য পরিচিত ছিলেন। মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগেও তিনি তাঁর পোষ্য গোরু ‘সুন্দরী’-কে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সায়নীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে সাম্প্রতিক টানাপড়েন এবং মানসিক অবসাদের কারণে তিনি এই পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।