উত্তরপ্রদেশে মিড-ডে মিল বিতর্ক

আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের মাহোবা জেলা-র একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অপরিষ্কার বালতিতে রাস্তার ধারের জল ভরে তার মধ্যে প্যাকেটের দুধ কেটে মেশানো হচ্ছে। সেই দুধই ছাত্রছাত্রীদের মিড-ডে মিল হিসেবে পরিবেশন করা হবে বলে অভিযোগ।

ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ ব্যক্তি বালতির জলে দুধ মিশিয়ে দিচ্ছেন। বালতির পাশেই রাখা রয়েছে ছোট স্টিলের গ্লাস। সামনে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছেন স্কুলের প্রধান শিক্ষিকা। অভিযোগ, ওই দুধই স্কুলের প্রায় ৫০ জন পড়ুয়ার মধ্যে বিতরণ করার কথা ছিল।

সরকারি নিয়ম অনুযায়ী, মিড-ডে মিল প্রকল্পে প্রত্যেক পড়ুয়াকে ২০০ মিলিলিটার বিশুদ্ধ দুধ দেওয়ার কথা। দুধ খোলা হোক বা প্যাকেটজাত—পরিমাণ ও গুণমান দুটোই নির্দিষ্ট মানের হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি তাজা ও পুষ্টিকর রান্না করা খাবার দেওয়ারও নির্দেশ রয়েছে। কিন্তু মাহোবার এই স্কুলে সেই নিয়ম মানা হয়নি বলেই স্পষ্ট হয়েছে ভাইরাল ভিডিও থেকে।

ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। প্রশাসনিক সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং স্কুলের প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উত্তরপ্রদেশে এর আগেও বিভিন্ন সরকারি স্কুলে মিড-ডে মিল নিয়ে গুণমান ও পরিমাণ নিয়ে অভিযোগ উঠেছে। নতুন করে এই ঘটনা সামনে আসায় আবারও প্রশ্নের মুখে পড়ল স্কুলগুলিতে মিড-ডে মিলের বাস্তব চিত্র।

ঘটনার পর শিক্ষা দফতর কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *