আমুদরিয়া নিউজ: ভারতে গাড়ির উৎপাদন বাড়ানোর প্রস্তুতির মধ্যেই উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আনছে সুজুকি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সরবরাহকারীদের সপ্তাহে একদিন উৎপাদন বন্ধ রেখে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের সময় দিতে বলা হয়েছে। উদ্দেশ্য—যন্ত্রের হঠাৎ বিকল হওয়া কমানো, কারখানার নিরাপত্তা ও গাড়ির মান বজায় রাখা।
বর্তমানে ভারতে সুজুকির বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ২৪ লক্ষ গাড়ি। ২০৩০ সালের মধ্যে সেটি প্রায় ৪০ লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে সরবরাহকারীদের ধীরে ধীরে সপ্তাহে ছয় দিন এবং দিনে প্রায় ২০ ঘণ্টা উৎপাদনের কাঠামোর দিকে যেতে বলা হয়েছে।
তবে সপ্তাহে একদিন উৎপাদন বন্ধ রাখলে সরবরাহকারীদের অতিরিক্ত উৎপাদনক্ষমতা ও যন্ত্রপাতিতে বিনিয়োগ করতে হতে পারে। ফলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচ নিয়েও নতুন পরিকল্পনা করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।