আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের শুটিংয়ে আজ ভারতের নজর ছিল মনু ভাকেরের দিকে। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে যোগ্যতা পর্বে ৫৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ফাইনালে ওঠেন তিনি। তবে ফাইনালে পদক জয় করতে পারেননি মনু। শেষ পর্যন্ত ১৮১.১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে প্রতিযোগিতা শেষ করেন।
যোগ্যতা পর্বে মনুর শুরুটা খুব একটা ভালো না হলেও পরের সিরিজগুলিতে তিনি দ্রুত ছন্দে ফেরেন। ৫৭৯-২০x স্কোর করে নিশ্চিত করেন ফাইনালের টিকিট। ভারতের ঈশা সিং ৫৭২ পয়েন্ট নিয়ে ১৫তম এবং সুরুচি সিং ৫৬৮ পয়েন্ট নিয়ে ২৬তম হওয়ায় ফাইনালে জায়গা পাননি।
ফাইনালে অবশ্য মনু লড়াইয়ে ছিলেন বেশ কিছুক্ষণ। কিন্তু এলিমিনেশন পর্বে ১৮১.১ পয়েন্টে থেমে যান তিনি। দক্ষিণ কোরিয়ার চু গা-ইউন সোনা জিতেছেন ২৪৬.৩ পয়েন্ট নিয়ে, রুপো পেয়েছেন চিনের শেন ইয়াও এবং ব্রোঞ্জ জিতেছেন চিনের জিয়াং রানশিন। মনুর সামনে অবশ্য আরও একটি সুযোগ রয়েছে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর মহিলাদের ২৫ মিটার স্পোর্ট পিস্তল বিভাগে তিনি আবার ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।