আমুদরিয়া নিউজ: সন্ত্রাসবাদে অর্থের জোগান বন্ধে ব্যর্থতার অভিযোগে আন্তর্জাতিক মঞ্চে ফের পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাল ভারত। প্যারিসে Financial Action Task Force (FATF)-এর প্লেনারি বৈঠকে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে পাকিস্তানের নিষ্ক্রিয়তার বিষয়টি তুলে ধরে নয়াদিল্লি।
২৮ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত এই বৈঠকে ভারতের প্রতিনিধিরা রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, ২০১৮ সালে সন্ত্রাসবাদে অর্থের জোগান রুখতে ব্যর্থতার অভিযোগে পাকিস্তানকে FATF-এর ধূসর তালিকায় রাখা হয়েছিল। ২০২২ সালে সেই তালিকা থেকে বাদ পড়ে ইসলামাবাদ। তবে নতুন অভিযোগের পর পাকিস্তানের আর্থিক ব্যবস্থার উপর নজরদারি ফের বাড়ানোর দাবি উঠেছে। যদিও FATF-এর তরফে পাকিস্তানকে পুনরায় ধূসর তালিকায় ফেরানোর কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।