আমুদরিয়া নিউজ: বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের নকশা ও নির্মাণকাজের চুক্তি পেল ভারতের সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে এই কাজ করবে সংস্থাটি। চুক্তি দু’টির মোট মূল্য ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি টাকারও বেশি।
চুক্তি অনুযায়ী, রেলপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, সিগন্যালিং, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে দুই সংস্থা। পাশাপাশি সংশ্লিষ্ট পরিকাঠামোর নকশা তৈরি, সরঞ্জাম সংগ্রহ, স্থাপন ও পরীক্ষার দায়িত্বও তাদের উপর থাকবে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র অর্থায়নে নির্মীয়মাণ ঢাকা মেট্রোরেল লাইন-১ বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প। প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত একটি রুট এবং নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত অন্য একটি রুট থাকবে। প্রকল্পে মোট ১৯টি স্টেশন ও একটি ডিপো তৈরির পরিকল্পনা রয়েছে। এর আগে ঢাকার মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলওয়ে সিস্টেমের কাজও করেছিল এলঅ্যান্ডটি।