উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ার মৃত্যু হলে পুলিশকে জানানো বাধ্যতামূলক

আমুদরিয়া নিউজ: দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশিকা সামনে এল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, কোনও পড়ুয়ার আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু হলে, ঘটনা ক্যাম্পাসে, হস্টেলে, পিজিতে বা অন্য কোথাও ঘটুক—প্রতিষ্ঠানকে বিষয়টি অবিলম্বে পুলিশকে জানাতে হবে। এই নিয়ম পড়ুয়া অনলাইন, দূরশিক্ষা কিংবা নিয়মিত পদ্ধতিতে পড়াশোনা করলেও প্রযোজ্য।

১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং কেন্দ্রীয় অর্থপুষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের চিঠি পাঠিয়ে এই নির্দেশ মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রক। এর পাশাপাশি, পড়ুয়াদের আত্মহত্যা ও অস্বাভাবিক মৃত্যুর বার্ষিক রিপোর্ট UGC বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়ার নির্দেশও রয়েছে।

এই নির্দেশনা এসেছে সুপ্রিম কোর্টের ১৫ জানুয়ারি ২০২৬-এর নির্দেশের পরিপ্রেক্ষিতে। আদালত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের কথা বলেছিল। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা চিকিৎসা সহায়তার ব্যবস্থা রাখার বিষয়টিও সেই নির্দেশনার অংশ।

কেন্দ্রের বক্তব্য, কোনও পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যাতে যথাযথভাবে নথিভুক্ত হয় এবং প্রয়োজনীয় তদন্ত ও সহায়তার ব্যবস্থা দ্রুত শুরু করা যায়, সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *