ভারত থেকে পাঠানো কয়েক কোটির আম বিমানবন্দর থেকেই ফেরাল আমেরিকা!

আমুদরিয়া নিউজ: ভারত থেকে পাঠানো প্রায় সাড়ে চার কোটি টাকার আম বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল আমেরিকা। ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। জানা যাচ্ছে চলতি মাসেই লস এঞ্জেলস, সান ফ্রান্সিসকো ও অ্যাটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ১৫টি আমের ‘শিপমেন্ট’ পাঠানো হয়েছিল ভারতের তরফ থেকে। যদিও মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়ে দেয়, রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ঠিক নেই। সেই কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা।

তাদের বক্তব্য, হয় নতুন করে রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অথবা ওই আম নষ্ট করে দিতে হবে।  প্রসঙ্গত, ভারতে উৎপাদিত আম রফতানির জন্য সবচেয়ে বড় বাজার আমেরিকা। যেহেতু আম দ্রুত পচনশীল, তাই সাধারণত বিমানে করেই ভারত থেকে আমেরিকায় আম পাঠানো হয়। ফলে আমের রফতানির খরচও বিপুল। তাই ওই আম দেশে ফিরিয়ে আনার চেয়ে বাধ্য হয়ে আমেরিকাতেই বিনষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে প্রায় ৫ লক্ষ মার্কিন ডলার ক্ষতি হতে চলেছে দেশের আম ব্যবসায়ীদের, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ কোটি ২৭ লক্ষ ২০ হাজার টাকার কাছাকাছি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *