আমুদরিয়া নিউজ: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ৬-১ গোলে হারল ভারত। শুরুতে অবশ্য লড়াই জমিয়ে দিয়েছিল ভারত। ১১ মিনিটে ডারউইন নুনিয়েজ পেনাল্টি থেকে উরুগুয়েকে এগিয়ে দিলেও, ২২ মিনিটে রায়ান উইলিয়ামসের শট গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বল জালে পাঠিয়ে ভারতকে সমতায় ফেরান অনিরুদ্ধ থাপা।
এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় উরুগুয়ের হাতে। ২৮ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো গোল করে দলকে আবার এগিয়ে দেন। বজ্রপাতের কারণে প্রায় ৩০-৩৫ মিনিট ম্যাচ বন্ধ থাকার পর পরিস্থিতি আরও বদলে যায়। বিরতির পর একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে রদ্রিগো সালাজার, ৫৯ মিনিটে আবার আরাউহো গোল করেন। এরপর ৭১ মিনিটে হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া এবং ৮৬ মিনিটে রদ্রিগো আগুয়েরের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৬-১।
তবে বড় ব্যবধানে হারলেও অনিরুদ্ধ থাপার গোলটি ভারতীয় ফুটবলের জন্য বিশেষ মুহূর্ত। উরুগুয়ের বিরুদ্ধে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে গোল করা দ্বিতীয় ভারতীয় হলেন তিনি। এর আগে ১৯৮২ সালের নেহরু কাপে মানস ভট্টাচার্য উরুগুয়ের বিরুদ্ধে গোল করেছিলেন।
ভারতের কোচ খালিদ জামিল ম্যাচের পর হারের দায় নিজের উপর নিয়েছেন। ব্রাজিলের কাছে ০-৪ এবং উরুগুয়ের কাছে ১-৬—দুই ম্যাচে মোট ১০ গোল হজম করেছে ভারত।