আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার MMA-কে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর সেই নতুন অধ্যায়েই ইতিহাস গড়লেন ভারতের সুচিকা তারিয়াল। মহিলাদের Traditional MMA ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার আলতানচিমেগ বাইগালমাকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সঙ্গে সঙ্গেই সুচিকার পদক নিশ্চিত হয়েছে। এই ইভেন্টে সেমিফাইনালের দুই পরাজিত প্রতিযোগী ব্রোঞ্জ পদক পান। ফলে এশিয়ান গেমসে MMA-তে ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন ৩৬ বছরের এই খেলোয়াড়।
মঙ্গোলিয়ার প্রতিপক্ষ দ্বিতীয় রাউন্ডে আক্রমণ বাড়িয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। কিন্তু সুচিকার রক্ষণ দৃঢ় ছিল। গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রতিপক্ষকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করেন তিনি। জুডো, কুরাশ ও জিউ-জিৎসুর পর MMA-তে পা রাখা সুচিকার জন্য এই জয় তাই শুধু একটি ম্যাচের ফল নয়—এশিয়ান গেমসের নতুন ডিসিপ্লিনে ভারতের নামও প্রথমবার পদকজয়ীদের তালিকায় তুলে দিলেন তিনি।