আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোর আগে ইলিশপ্রেমীদের জন্য এল নতুন খবর। বাংলাদেশ ভারতের কাছ থেকে ইলিশ আমদানির ১০৩টি নো-অবজেকশন সার্টিফিকেট বা NOC বাতিল করেছে। এর ফলে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইলিশের আমদানি আপাতত বন্ধ হয়ে গিয়েছে।
চলতি বছরে ২০ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে প্রায় ৫৫৩ টন ইলিশ গিয়েছে। তবে হঠাৎ করে অনুমতিগুলি বাতিল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, ইতিমধ্যে কেনা মাছ ও আমদানির খরচের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
বাংলাদেশের মৎস্য দফতর অবশ্য অনুমতিগুলি বাতিলের নির্দিষ্ট কারণ জানায়নি। তবে স্থানীয় বাজারে ভারতীয় ইলিশকে পদ্মার ইলিশ বলে বিক্রি করার অভিযোগ উঠেছিল বলে বাংলাদেশি সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়েই এই সিদ্ধান্ত কি না, তা সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।
এই পরিস্থিতিতে পুজোর আগে বাংলাদেশি ইলিশ ভারতে আসবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে উৎসবের মরশুমে ইলিশের বাজারে এই সিদ্ধান্তের প্রভাব কতটা পড়ে, এখন সেদিকেই নজর ব্যবসায়ী ও ক্রেতাদের।