আমুদরিয়া নিউজ: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুধু CCTV বসালেই হবে না, ক্যাম্পাসে নিরাপদ ও স্বাভাবিক পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে—রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দিয়েছে আদালত।
সাম্প্রতিক কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তির ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এই নির্দেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালত জানিয়েছে, ক্যাম্পাসে
আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।
বিশেষভাবে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দিকে নজর দেওয়ার কথা জানিয়েছে আদালত। ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রিপোর্ট জমা দিয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলিকেও রিপোর্ট দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
এই নির্দেশের পেছনে সাম্প্রতিক সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা SRFTI-র অশান্তির ঘটনাও আলোচনায় এসেছে। সেখানে নিরাপত্তা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদের মধ্যে ক্লাস, ওয়ার্কশপ ও ফিল্ম শুটিং বয়কট চলছে।