এবার থেকেই বাড়িতে ৪ রঙের ডাস্টবিন, না মানলে কড়া ব্যবস্থা

 

আমুদরিয়া নিউজ :১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারের নতুন বর্জ্য ব্যবস্থাপনা বিধি অনুযায়ী আবর্জনা ফেলার নিয়মে বড় পরিবর্তন এসেছে। এখন প্রতিটি পরিবারকে বর্জ্য চারটি ভাগে আলাদা করে নির্দিষ্ট রঙের ডাস্টবিনে ফেলতে হবে—ভেজা বর্জ্য সবুজ, শুকনো নীল, স্যানিটারি লাল এবং বিপজ্জনক বর্জ্য কালো বিনে।

নতুন এই নিয়ম দেশজুড়ে শহর ও গ্রামাঞ্চল, শিল্পাঞ্চল, এসইজেড, রেল, বিমানবন্দর, বন্দর, প্রতিরক্ষা ও ধর্মীয়-ঐতিহাসিক স্থানে বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম ভাঙলে কঠোর জরিমানা হবে বলে  জানানো হয়েছে । পাশাপাশি স্যানিটারি বর্জ্য নির্দিষ্ট প্যাকেটে মুড়িয়ে ফেলতে এবং নির্মাণ বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বড় আবাসন বা ৫,০০০ বর্গমিটারের বেশি প্রতিষ্ঠানগুলিকে নিজেদের পচনশীল বর্জ্য নিজস্ব চত্বরে প্রক্রিয়াকরণ বাধ্যতামূলক করা হয়েছে। জৈব-চিকিৎসা বর্জ্য সাধারণ বর্জ্যের সঙ্গে মেশানো সম্পূর্ণ নিষিদ্ধ। নতুন নিয়ম ‘Polluter Pays’ নীতির ভিত্তিতে তৈরি, যেখানে নিয়ম না মানলে পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি নাগরিকদের বর্জ্য আলাদা, নির্দিষ্ট সময়ে ফেলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম ভাঙার ঘটনা জানাতে উৎসাহ দেওয়া হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *