আমুদরিয়া নিউজ: দীপাবলিতে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরায় বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাঁকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরনো একটি গয়না।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে দীপিকা সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি নেকলেস পরেছিলেন। তাতে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। কারিনাকে ঘিরে বিতর্ক শুরু হতেই দীপিকার সেই পুরনো ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, কারিনার পরা ৩০ ক্যারেটের পান্নার লকেটটি ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যবাহী গয়না বলে জানা গিয়েছে। এই গয়নায় আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে। অভিযোগ, ধর্মীয় আয়াতকে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করায় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। সেই কারণেই কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।