নিউ টাউনে ২ হাজার শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’, আজ শিলান্যাস

আমুদরিয়া নিউজ: কলকাতার নিউ টাউনে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত ২ হাজার শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের আজ শিলান্যাস হচ্ছে। বৃহস্পতিবারের অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রস্তাবিত এই হাসপাতালটি নিউ টাউনের অ্যাকশন এরিয়া-২ এলাকায় তৈরি হওয়ার কথা। মোট ২ হাজার শয্যার মধ্যে ১ হাজার শয্যা আর্থিকভাবে পিছিয়ে থাকা ও দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। বাকি ১ হাজার শয্যা বাণিজ্যিকভাবে পরিচালিত হবে। হাসপাতালের পাশাপাশি মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাবও রয়েছে।

প্রকল্পটিতে প্রায় ২,৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগের কথা আগে জানানো হয়েছিল। প্রায় ৫১ একর জমিতে এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আজকের শিলান্যাসের মাধ্যমে বাংলার স্বাস্থ্য পরিকাঠামোয় এই বড় প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে।

এদিন গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সেখানে হাসপাতাল প্রকল্পের পাশাপাশি বাংলায় অন্যান্য শিল্প ও বিনিয়োগের প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। আদানি গোষ্ঠীর সঙ্গে রাইটার্স বিল্ডিং সংস্কার এবং কুমারটুলি ঘাটের পুনর্বিকাশ নিয়েও আলোচনা চলছে। পুজোর মুখে নিউ টাউনে এই হাসপাতাল প্রকল্পের শিলান্যাস তাই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও নতুন প্রত্যাশা তৈরি করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *