আমুদরিয়া নিউজ: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতের অভিযানে বড় সাফল্য বনদপ্তরের। সুকনা ফরেস্ট রেঞ্জের খাপরিয়াল এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হলো একটি SBBL বন্দুক, ৩ রাউন্ড জীবন্ত গুলি এবং প্রায় আড়াই কেজি প্যাঙ্গোলিনের আঁশ।
বনদপ্তর সূত্রে জানা যায়, ৫ অক্টোবর রাত সাড়ে ১১টা নাগাদ নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনায় দিলীপ দার্জি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাটিগাড়া থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ধৃতের বিরুদ্ধে Arms Act, 1959 এবং Wildlife Protection Act, 1972-এর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
প্যাঙ্গোলিনের আঁশের উৎস, অস্ত্র ও গুলির উৎস এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে বনদপ্তর।