যুদ্ধের আবহে ভুয়ো ভিডিও কাণ্ড, UAE-তে ১৯ ভারতীয়র বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ

আমুদরিয়া নিউজ : ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অপরাধে ১৯ জন ভারতীয়কে গ্রেফতারের নির্দেশ দিল দুবাই প্রশাসন। আরব আমিশাহীর সংবাদ সংস্থা WAM সূত্রে খবর, নকল ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল অভিযুক্তরা। মূলত আর্টিফিশয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে এই ভিডিওগুলি তৈরি করা হচ্ছে। আর তা দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের বেশ কিছু ক্লিপ শনাক্ত করে তদন্ত করে পুলিশ। তারই ভিত্তিতে ১৯ জন ভারতীয় সহ ৩৫ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে প্রশাসন।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। একের পর এক হামলা ও পাল্টা হামলায় উত্তেজনা চরমে পৌঁছেছে। এই আবহেই দুবাইয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান বলে খবর। হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় বিমানবন্দরের একাংশ। এর আগেও একাধিকবার আক্রমণের টার্গেট হয়েছে দুবাই। এই অস্থির পরিস্থিতির মধ্যেই সে দেশের সরকার ১৯ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। ঠিক কী অভিযোগে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে গোটা ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে।

এর আগেও এমন একটি ঘটনায় দুই ভারতীয় সহ ১০ জনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের আশঙ্কা, এই ধরনের ভিডিও মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্যই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ধরনের ভিডিও বানানো হয়েছে।  দেশের পরিস্থিতি নিয়ে যেন কোনও অপ্রচার না হয়, তা নিয়ে সতর্ক দুবাই। ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উপর চলছে ব্যাপক নজরদারি। সূত্রের দাবি, সংযুক্ত আরব আমিরশাহির আইন অনুসারে এই অপরাধগুলির জন্য কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ১০০,০০০ দিরহাম জরিমানা হতে পারে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *