আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের শুটিংয়ে দুর্দান্ত সাফল্য ভারতের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত বিভাগে রুপোর পদক জিতেছেন ভারতের এলাভেনিল ভালারিভান। ফাইনালে তাঁর স্কোর ২৫২.৪। মাত্র ০.৬ পয়েন্টের ব্যবধানে তাঁকে পিছনে ফেলে সোনা জিতেছেন জাপানের হিনাতা তাইচি, যিনি ২৫৩ পয়েন্ট নিয়ে গেমস রেকর্ড গড়েছেন।
এলাভেনিলের এই পদক আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ একই দিনে তিনি মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগেও রুপো জিতেছেন। সোনাম উত্তম মাসকার ও বিদর্সা বিনোদকে সঙ্গে নিয়ে ভারতীয় দল ১৮৯৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান দখল করে। দলগত বিভাগে সোনা পেয়েছে চিন।
ব্যক্তিগত ফাইনালের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন এলাভেনিল। বেশিরভাগ সময়েই তিনি শীর্ষস্থান ধরে রেখেছিলেন। শেষের দিকে হিনাতার সঙ্গে তাঁর লড়াই জমে ওঠে। শেষ পর্যন্ত সামান্য ব্যবধানে সোনা হাতছাড়া হলেও রুপো নিয়ে গর্বের সঙ্গে মঞ্চে ওঠেন ভারতীয় শুটার। একই দিনে দুটি রুপো জিতে এলাভেনিল ভারতের শুটিং অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর এই সাফল্যে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।