আমুদরিয়া নিউজ: কানাডার আলবার্টার বিখ্যাত এডমন্টন ম্যারাথনে আয়োজকদের ভুলে রানারদের অতিরিক্ত ৬৭৪.৭ মিটার (০.৪১ মাইল) বেশি দৌড়াতে হয়েছে। সাধারণত এই বার্ষিক প্রতিযোগিতাটি মর্যাদাপূর্ণ বস্টন ম্যারাথনের কোয়ালিফাইং মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। ফলে এই ভুলের কারণে বহু অ্যাথলেটের বস্টন ম্যারাথনে অংশ নেওয়ার স্বপ্ন এবং ব্যক্তিগত সেরা টাইমিংয়ের (PB) রেকর্ড হাতছাড়া হতে চলেছে।
প্রাথমিকভাবে রানারদের জিপিএস ঘড়ির অভিযোগ উড়িয়ে দিলেও, পরে আয়োজকরা স্বীকার করেন যে ওয়েলিংটন ব্রিজের সংস্কার কাজের কারণে রুটের এই বিচ্যুতি ঘটেছিল। রেস ডিরেক্টর টম কেওঘ এই ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। বস্টন ম্যারাথনের যোগ্যতা নির্ধারণ অফিশিয়াল চিপ টাইমিংয়ের ওপর নির্ভর করায়, অ্যাথলেটদের এই ক্ষতি কীভাবে পূরণ করা যায় তা নিয়ে অ্যাথলেটিক্স কানাডার সাথে আলোচনা চলছে।