আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলার হলেও দেশে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে কেন্দ্র। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, পরিস্থিতির চাপে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫০ টাকা বাড়ানো যেত। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে সরকার মাত্র ৭ টাকা দাম বাড়িয়েছে। বাকি ৪৩ টাকার বোঝা কেন্দ্র নিজেই বহন করছে। এর ফলে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা লোকসান হচ্ছে সরকারের।
পাশাপাশি কৃষকদের সুলভে সার সরবরাহের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিশ্ববাজারে ৫০ কেজি ডিএপি সারের দাম প্রায় ৫ হাজার টাকা হলেও ভারতীয় কৃষকদের তা মাত্র ১,৩০০ টাকায় দেওয়া হচ্ছে। গত ১২ বছরে সার সরবরাহে সরকারের খরচ হয়েছে ১৬ লক্ষ কোটি টাকা। তাঁর দাবি, গত এক দশকে দেশে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশ ছাড়িয়েছে এবং প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন।