আমুদরিয়া নিউজ: আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত হোয়াইট হাউসের রাষ্ট্রীয় নৈশভোজে প্রবেশ করতে দেওয়া হলো না ট্রাম্প প্রশাসনের নিষিদ্ধ করা সাংবাদিকদের। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার একটি ফেডারেল আদালত সিএনএন, পলিটিকো এবং এমএস নাও-এর ওপর ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে বাতিল করে তাঁদের অবিলম্বে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালতের রায়ের পর বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হলেও রাতে নৈশভোজের আসরে আবার বাধা দেওয়া হয়।
সিএনএন এবং এমএস নাও-এর সাংবাদিকেরা জানান, নিয়ম মেনে আবেদন করা সত্ত্বেও তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সিএনএন-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চিনা প্রেসিডেন্টের পৌঁছানোর ঠিক এক ঘণ্টা আগে হোয়াইট হাউস জানায়, তারা কোনো রিপোর্টার বা প্রযোজক ছাড়াই কেবল একজন ফটোসাংবাদিক ও অডিও টেকনিশিয়ান পাঠাতে পারবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নতুন আঘাত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ।