আমুদরিয়া নিউজ: ঘূর্ণিঝড়ের নাম শুনলেই মনে প্রশ্ন জাগে—এই নাম ঠিক করে কে? কোনও ঝড়ের নাম কি তার চরিত্র, ধ্বংসক্ষমতা বা উৎপত্তিস্থানের ভিত্তিতে দেওয়া হয়? নাকি এর পিছনে রয়েছে আগে থেকেই তৈরি কোনও নির্দিষ্ট তালিকা?
আসলে কোনও ঝড় তৈরি হওয়ার পর তার নাম নতুন করে ঠিক করা হয় না। আগে থেকেই তৈরি থাকে নামের একটি তালিকা।
বঙ্গোপসাগর ও আরব সাগরের ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে উত্তর ভারত মহাসাগরের জন্য গঠিত WMO-ESCAP প্যানেল। বর্তমানে এই প্যানেলে ১৩টি দেশ রয়েছে—বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন। এই প্যানেলের সদস্য দেশগুলি আগে থেকেই বেশ কিছু নাম প্রস্তাব করে। নির্দিষ্ট নিয়ম মেনে সেই নামগুলি যাচাই করে তালিকায় রাখা হয়।
নামগুলি সাধারণত ছোট, সহজে উচ্চারণযোগ্য এবং বিভিন্ন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হয়। কোনও নাম রাজনৈতিক, আপত্তিকর বা বিতর্কিত হলে তা তালিকায় রাখা হয় না।
এরপর কোনও নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে, ভারতের আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র—RSMC New Delhi তালিকার ক্রমানুসারে সেই ঝড়ের নাম দেয়।
অর্থাৎ, ঝড়ের নাম তার শক্তি বা ক্ষয়ক্ষতির ভিত্তিতে দেওয়া হয় না। নামটি মূলত ঝড়কে দ্রুত শনাক্ত করা এবং সাধারণ মানুষ, প্রশাসন ও সংবাদমাধ্যমের মধ্যে সতর্কবার্তা সহজে পৌঁছে দেওয়ার একটি আন্তর্জাতিক ব্যবস্থা।