আমুদরিয়া নিউজ: গুয়াতেমালার সক্রিয় ফুয়েগো (Fuego) আগ্নেয়গিরির ধারাবাহিক অগ্ন্যুৎপাতের জেরে সংলগ্ন এলাকায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে অনবরত উত্তপ্ত লাভা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ মিটার উচ্চতা পর্যন্ত বিষাক্ত ছাইয়ের মেঘ নির্গত হওয়ায় এই প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। বাতাসে ছাইয়ের কণা প্রায় ১২০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে, যা যেকোনো মুহূর্তে মারাত্মক পাইরোক্লাস্টিক প্রবাহ এবং পাথর-কাদার মিশ্রিত দ্রুতগামী স্রোত তৈরি করতে পারে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ‘কনরেড’ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই অন্তত ১,৬৯৯ জন বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। সিসমোলজি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানিয়েছেন, আগ্নেয়গিরির তীব্রতা কিছুটা কমলেও চূড়ায় জমে থাকা লাভাস্তূপ ধসে পড়ার আশঙ্কা থাকায় প্রশাসন এই মুহূর্তে সর্বোচ্চ নজরদারি ও সতর্কতা বজায় রাখছে।