আমুদরিয়া নিউজ: শীতের মৌসুম শুরু হওয়ার আগেই অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা এবং ঠোঁটের কোণে ফাটল দেখা দেয়। আবহাওয়ার পরিবর্তন, জলের ঘাটতি, বারবার ঠোঁট চাটা এবং কিছু প্রসাধনীর ব্যবহারে এই সমস্যা বাড়তে পারে।
ঠোঁটের ত্বক মুখের অন্যান্য অংশের তুলনায় পাতলা এবং এতে তেল উৎপাদনকারী গ্রন্থি প্রায় নেই। ফলে ঠোঁট সহজেই আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে আয়রন ও ভিটামিন বি১২-এর ঘাটতি, অ্যালার্জি, একজিমা বা সংক্রমণের কারণেও ঠোঁটের সমস্যা দেখা দিতে পারে।
ঠোঁটের যত্নে করণীয়: ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সুগন্ধিবিহীন পেট্রোলিয়াম জেলি বা লিপবাম ব্যবহার করুন। পর্যাপ্ত জল পান করুন এবং বারবার ঠোঁট চাটা বা শুকনো চামড়া টেনে তোলা থেকে বিরত থাকুন। বাইরে যাওয়ার সময় এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার লিপবাম ব্যবহার করুন। যে প্রসাধনী ব্যবহারে জ্বালা হয়, তা এড়িয়ে চলুন।
নিয়মিত যত্ন নেওয়ার পরও ঠোঁট না সারলে, বারবার ফাটল ধরলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।