আমুদরিয়া নিউজ: ডিজিটাল লেনদেনের নজিরবিহীন বৃদ্ধির মধ্যেও ভারতে নগদ টাকার ব্যবহার ও মজুত ক্রমাগত বাড়ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক বর্তমানে ১৭৬ বিলিয়ন নোট বাজারে চালু রেখেছে এবং প্রতি বছর নতুন করে আরও ২৮ থেকে ৩০ বিলিয়ন নোট ছাপা হচ্ছে।
ইউপিআই লেনদেনের সংখ্যা দিনে প্রায় ১০০ কোটির কাছাকাছি পৌঁছালেও, অর্থনীতিতে নগদ প্রবাহের এই বৃদ্ধিকে আরবিআই-এর ডেপুটি গভর্নর শিরীষ চন্দ্র মুর্মু ‘ক্যাশ প্যারাডক্স’ বা ‘নগদের ধাঁধা’ বলে আখ্যা দিয়েছেন। তার মতে, খুচরা লেনদেনে ডিজিটাল মাধ্যম ব্যবহার হলেও, মানুষ এখনো নগদ টাকা সঞ্চয় করতে পছন্দ করছে।
মূলত গ্রামীণ অর্থনীতি, এটিএম-এর সহজলভ্য এবং ছোটখাটো লেনদেন ও অনুদানের ক্ষেত্রে ভারতের বিশাল সংখ্যক মানুষ এখনো কাগজের নোটের ওপরই ভরসা রাখছেন। ফলে ডিজিটাল জোয়ারের মাঝেও ভারতীয় অর্থনীতিতে নগদের আধিপত্য বজায় রয়েছে।