আমুদরিয়া নিউজ: সাধারণ বরফ যে শুধু ত্বক ঠান্ডা রাখে তা-ই নয়, এর সঙ্গে কয়েকটি ঘরোয়া উপাদান মিশিয়ে নিলে তৈরি হতে পারে দারুণ উপকারী ‘আইস ফেশিয়াল’। ব্রণ কমানো থেকে চোখের তলার ক্লান্তি দূর করা, ট্যান হালকা করা থেকে ত্বকে উজ্জ্বলতা ফেরানো— সব ক্ষেত্রেই এই বরফের ব্যবহার বেশ জনপ্রিয়। মেকআপের আগে মুখে বরফ ঘষে নিলেও ত্বক অনেকক্ষণ টানটান, সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে।
ক্লান্ত ও নিস্তেজ ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাতে শসা ও লেবুর রসের বরফ দারুণ কার্যকর। শসার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে বরফ বানিয়ে মুখে ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে, ট্যান কমে এবং ফিরে আসে সতেজ দীপ্তি।
ব্রণ ও র্যাশের সমস্যায় তুলসী পাতা ও অ্যালোভেরা জেলের বরফ বেশ উপকারী। এই মিশ্রণ ত্বককে ঠান্ডা রাখে, ব্যাকটেরিয়া কমায় এবং জ্বালাভাব ও ব্রণের প্রকোপ হ্রাস করতে সাহায্য করে।