আমুদরিয়া নিউজ: শহরের রাস্তায় টোটোর দৌড়ে এবার লাগাম টানতে উদ্যোগী শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। শহরের যানজট কমাতে ছটি রুটে ভাগ করে দেওয়া হচ্ছে টোটোর চলাচল। কোন টোটো কোন রুটে চলবে, তা এবার বোঝা যাবে বারকোড ও স্টিকার দেখেই।
বৃহস্পতিবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের উদ্যোগে এই নয়া ব্যবস্থার সূচনা হয়। চেকপোস্ট ওয়ান এলাকার টোটোগুলির রুট নির্ধারণ করে চালকদের হাতে তুলে দেওয়া হয় রুট ওয়ানের বারকোড ও স্টিকার। ধাপে ধাপে শহরের বাকি পাঁচটি রুটেও একই ব্যবস্থা চালু হবে বলে জানা গেছে।
পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানিয়েছেন, নির্ধারিত রুট ছেড়ে অন্য রুটে টোটো চললে সহজেই তা চিহ্নিত করা যাবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এই উদ্যোগের মাধ্যমে টোটোর উপর নজরদারি বাড়ার পাশাপাশি শহরের রাস্তায় যানজটও অনেকটাই কমবে।
তবে পুলিশের এই উদ্যোগে অখুশি নন টোটো চালকেরাও। তাঁরা জানিয়েছে, আগে রাস্তায় বেরিয়ে নানা কারণে হয়রানির মুখে পড়তে হত। এবার নির্দিষ্ট বারকোড ও স্টিকার থাকায় টোটোর পরিচয় এবং রুট স্পষ্ট থাকবে। ফলে অযথা সমস্যায় পড়ার সম্ভাবনা কমবে বলে মনে করছেন তাঁরা।
শিলিগুড়িতে টোটোর দৌড়ে এবার ‘ব্রেক’!
Total Views:
0
Leave a Comment