আমুদরিয়া নিউজ: দেশের রাজস্ব সংগ্রহে বৃদ্ধি। আয়কর দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বর্ষে ২০২৬-২৭-এ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের নিট প্রত্যক্ষ কর সংগ্রহ ১২.১২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহ বেড়েছে প্রায় ১২.৯৬ শতাংশ।
রিফান্ড দেওয়ার আগে মোট প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে ১৪.৩২ লক্ষ কোটি টাকা, যা এক বছর আগের তুলনায় ১৫.১৯ শতাংশ বেশি। এর মধ্যে কর্পোরেট কর এবং ব্যক্তিগত আয়কর-সহ অন্যান্য প্রত্যক্ষ কর রয়েছে।
কর্পোরেট কর সংগ্রহে বৃদ্ধি দেখা গিয়েছে। রিফান্ড বাদ দেওয়ার পর নিট কর্পোরেট কর সংগ্রহ প্রায় ৫.৫৬ লক্ষ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৯.৪৮ শতাংশ বেশি। অন্যদিকে ব্যক্তি ও অন্যান্য নন-কর্পোরেট করদাতাদের কাছ থেকে নিট সংগ্রহ হয়েছে ৬.১৬ লক্ষ কোটি টাকারও বেশি।
এছাড়া ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম কর সংগ্রহ বেড়েছে ১৬.১৮ শতাংশ, পৌঁছেছে প্রায় ৫.২২ লক্ষ কোটি টাকায়। একই সময়ে করদাতাদের দেওয়া রিফান্ডের পরিমাণও বেড়েছে—প্রায় ২.২০ লক্ষ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৯.১৯ শতাংশ বেশি বলে জানানো হয়েছে।